একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত সাহায্য করেনি! পাকিস্তানে গিয়ে বিস্ফোরক দাবি বাংলাদেশের স্পিকারের, চাপে দিল্লি?
একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করলেন বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পাকিস্তান সফরে গিয়ে তাঁর দাবি, ১৯৭১ সালে বাংলাদেশকে সাহায্য করেনি ভারত। বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল দিল্লির উদ্দেশ্য। শুধু তা-ই নয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে দেশটি কার্যত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশের স্পিকারের এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে তাঁর এই মন্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।বুধবার পাকিস্তানের প্রেসিডেন্টের সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে গিয়ে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন হাফিজউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করেন তিনি। একই দিনে ইসলামাবাদের সংসদ ভবনও ঘুরে দেখেন বাংলাদেশের স্পিকার। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য করেন তিনি।বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সাংবাদিকদের সামনে হাফিজউদ্দিন দাবি করেন, একাত্তরের যুদ্ধে ভারত বাঙালিদের সাহায্য করেনি। বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য। তাঁর আরও অভিযোগ, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ কার্যত ভারতের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এর ফলে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।উল্লেখযোগ্য বিষয় হল, হাফিজউদ্দিন আহমদ এক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন। ১৯৭১ সালের যুদ্ধে তিনি পাকিস্তানের হয়ে লড়াই করেছিলেন। পরবর্তী সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি সম্মানিত হন। সেই হাফিজউদ্দিনই এখন বাংলাদেশের সংসদের স্পিকার। তাঁর মুখে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে এমন মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।হাফিজউদ্দিনের দাবি, ১৯৭১ সালে বাঙালিরা গণতান্ত্রিক অধিকার চেয়েছিলেন। কিন্তু তাঁদের সেই অধিকার দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, ক্ষমতাশালী প্রতিবেশী ভারতও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল। যদিও তাঁর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।অন্য দিকে, বাংলাদেশের স্পিকারের পাকিস্তান সফর চলাকালীন দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সহযোগিতা বাড়ানোর উপরেও জোর দিয়েছেন শাহবাজ। তাঁর মতে, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের এই সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।সব মিলিয়ে বাংলাদেশের শীর্ষ প্রতিনিধি দলের পাকিস্তান সফর ঢাকা ও ইসলামাবাদের ঘনিষ্ঠতা আরও এক বার প্রকাশ্যে নিয়ে এসেছে। অন্য দিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যপণ্য এবং প্রযুক্তির মতো একাধিক ক্ষেত্রে বাংলাদেশের ভারতের সঙ্গে সহযোগিতা রয়েছে। সেই পরিস্থিতিতে এক দিকে ভারতের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখা, অন্য দিকে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর বার্তাঢাকার এই কূটনৈতিক অবস্থানকে কী ভাবে দেখছে দিল্লি, এখন সেদিকেই নজর।

